ক্যান্সার প্রতিরোধী ‘ইমিউন সেল’র আবিস্কার

১৫ জানুয়ারি, ২০২৪ ২১:৩৫  

ক্যান্সার প্রতিরোধী একটি নতুন একটি কোষ আবিস্কার করেছেন গবেষকরা। কোষটিকে ‘ইমিউন সেল’ তথা রোগ প্রতিরোধী কোষ বলে ডাকা হচ্ছে। কোষটি সাধারণত অ্যালার্জি ও অন্যান্য রোগের বিরুদ্ধে প্রতিরোধমূলক কর্মকাণ্ডের জন্য পরিচিত হলেও ক্যান্সারের বিরুদ্ধেও লড়াই করতে সক্ষম দাবি গবেষকদের।

প্রাথমিক গবেষণার পর গবেষকরা বলছেন, হিউম্যান টাইপ ২ ইনেট লিমফোইড সেলস বা আইএলসি২এস নামের কোষটি মানবদেহের বাইরে বৃদ্ধি করা যায় এবং ব্যাপক মাত্রায় প্রয়োগের মাধ্যমে শক্ত টিউমার ও ব্ল্যাড ক্যান্সারের মতো শত্রু কোষকে নির্মূল করা যাবে। ইঁদুরের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে এমন তথ্য পেয়েছেন গবেষকরা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক চিকিৎসা বিষয়ক গবেষণা সংস্থা সিটি অব হোপের একদল গবেষক গুরুত্বপূর্ণ আবিস্কারটি করেছেন। তাদের গবেষণার ফলাফল চলতি সপ্তাহে বিশ্বের প্রথম সারির বিজ্ঞান বিষয়ক সাময়িকী ‘সেল’-এ প্রকাশিত হয়েছে।

এই আবিস্কারের ফলে ইমিউনোথেরাপি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির চিকিৎসায় উল্লেখযোগ্য অগ্রগতির আশা দেখছেন গবেষকরা।

ডিবিটেক/বিএমটি